একসময় পড়াশোনার খরচ চালাতে পারতেন না আজ দুই হোটেলের মালিক
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: দারিদ্র্যের চাবুক বুকে নিয়ে একসময় যিনি নিজের পড়াশোনার খরচটুকুও জোগাড় করতে পারতেন না, আজ কঠোর পরিশ্রম, মেধা ও সততার জোরে দুটি সফল রেস্টুরেন্টের মালিক হয়ে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক লড়াকু তরুণ। গাইবান্ধা অঞ্চলে ‘চা চত্ত্বর’ ও ‘ভাবীর হোটেল’ নামের সুপরিচিত এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি যেমন নিজের ভাগ্য বদলিয়েছেন, তেমনি বহু মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উদ্যোক্তার পারিবারিক জীবন ছিল চরম কষ্টের। তার বাবা বাজারে লেবু বিক্রি করতেন, মা হাঁস-মুরগি ও ডিম বিক্রি করে সংসার চালাতেন এবং মেজো ভাই নিজের সামান্য বেতনের বড় অংশ ভাইয়ের পড়াশোনার পেছনে খরচ করতেন। বাবার সাথে লেবু বিক্রিতে সাহায্য করা এবং ছোটবেলায় মায়ের সাথে ভাপা পিঠা বিক্রির মধ্য থেকেই তার ব্যবসার হাতেখড়ি হয়। চরম অভাবের মাঝেও হাল ছাড়েননি তিনি; ক্লাস টেনে পড়ার সময় থেকে প্রাইভেট পড়িয়ে ও টিউশনি করে নিজের পড়াশোনার খরচ ও ফর্ম ফিলাপের টাকা জোগাড় করতেন। গভীর রাতে পড়ার সময় মা পাশে বসে পাখা দিয়ে বাতাস করার সেই স্মৃতি আজও তাকে প্রেরণা জোগায়। পড়াশোনা শেষ করে চাকরি করার পেছনে না ছুটে তিনি নিজেই কিছু করার পরিকল্পনা করেন। প্রথমে ‘চা চত্ত্বর’ দিয়ে শুরু করলেও বন্ধুর সরে যাওয়া এবং প্রায় দুই লক্ষ টাকার লোকসানের কারণে বড় ধাক্কা খান। তবে দমে না গিয়ে টিউশনি বাঁচিয়ে তিনি ব্যবসা চালিয়ে যান এবং পরবর্তীতে ‘ভাবীর হোটেল’ চালু করেন। বর্তমানে এই দুটি রেস্টুরেন্টে গাইবান্ধার ঐতিহ্যবাহী আটার ডাল, গরুর মাংস, চালের আটার রুটি দিয়ে কালাভোনা, দেশি হাঁস এবং হরেক রকমের চা ও ফাস্টফুড বিক্রি হচ্ছে। বর্তমানে তার দুটি রেস্টুরেন্ট থেকে সমস্ত খরচ মিটিয়ে মাসে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় হচ্ছে এবং ১০-১৫ জন কর্মী সেখানে সম্মানের সাথে কাজ করছেন। জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের ত্যাগ ও পরিবারের ভালোবাসাকে পুঁজি করে আজ তিনি কুটির শিল্প ও খাদ্য ব্যবসার এক সফল প্রতিকৃত।
অভাব আর অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে একজন তরুণের নিজ পায়ে দাঁড়িয়ে সফল উদ্যোক্তা হয়ে ওঠার এই অনুপ্রেরণাদায়ক গল্প গাইবান্ধার তরুণ প্রজন্মের জন্য এক দীপ্ত শিখা।