১৭ দিন শুধু আলু খেয়ে বেঁচে থাকা সেই মানুষটি আজ হাজারো তরুণের কর্মসংস্থানের কারিগর

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: জীবিকার দায়ে ঢাকায় গিয়ে না খেয়ে দিন কাটানো, অসুস্থ হয়ে শূন্য হাতে বাড়ি ফেরা কিংবা মুহূর্তের আগুনে আড়াই লক্ষ টাকার কষ্টের পুঁজি পুড়ে যাওয়ার মতো চরম বিপর্যয়ও যাকে দমাতে পারেনি—তিনিই গাইবান্ধার এই অদম্য উদ্যোক্তা। শত প্রতিকূলতা ও দারিদ্র্যের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে আজ তিনি কেবল নিজের ভাগ্যই বদলাননি, বরং হাজারো বেকার তরুণ ও নারীর কর্মসংস্থানের আলোকবর্তিকা হয়ে উঠেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, অতীতে ঢাকায় গার্মেন্টসে চাকরি নেওয়ার সময় তার জীবনের শুরুর দিনগুলো ছিল চরম মর্মান্তিক। পকেটে টাকা না থাকায় প্রথম তিন দিন না খেয়ে কাটিয়ে এবং পরিচিতজনের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়ে টানা ১৭ দিন শুধু আলু খেয়ে বেঁচে থাকার কঠিন অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। পরবর্তীতে অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসার পর তীব্র অভাব-অনটনের মুখে পড়েন। এমতাবস্থায় গ্রামীণ ব্যাংক থেকে ১৬ হাজার টাকা ঋণ নিয়ে একটিমাত্র প্লেন মেশিন কিনে টি-শার্ট, পোলো শার্ট ও জ্যাকেট তৈরির কাজ শুরু করেন। প্রথম চালানে ৪ হাজার টাকার পণ্য বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটালেও তার পথচলা মসৃণ ছিল না। বিগত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাভারের হেমায়েতপুরে সাব-কন্টাক্টে কাজ করা একটি কারখানায় ভয়াবহ আগুনে তার আড়াই লক্ষ টাকার উৎপাদিত পোশাক পুড়ে ছাই হয়ে যায়। মালিক পলাতক থাকায় কোনো ক্ষতিপূরণ না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও হাল ছাড়েননি। পুনরায় ঋণ নিয়ে ওভারলক ও ফ্ল্যাটলক মেশিন যুক্ত করে কারখানাটিকে গুছিয়ে নেন। বর্তমানে তার কারখানায় পাইকারি মূল্যে ২২ থেকে ১৪০০ টাকার মধ্যে পাঞ্জাবি, হুডি, টি-শার্ট ও জ্যাকেট তৈরি হচ্ছে এবং সব খরচ বাদে তার মাসিক আয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। শুধু নিজের ব্যবসা পরিচালনা করেই ক্ষান্ত হননি তিনি; গাইবান্ধা প্রকল্পের মাধ্যমে দেড় শতাধিক নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এ পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি বেকার যুবক-যুবতীকে কাজ শিখিয়ে ঢাকায় বিভিন্ন কারখানায় চাকরি নিশ্চিত করেছেন। নিজের পরিশ্রমে মাথা গোঁজার ঠাঁই পাকা ঘর ও যানবাহন করার পর এখন তার একমাত্র লক্ষ্য—বড় বিনিয়োগের মাধ্যমে কারখানার পরিসর আরও বাড়িয়ে আরও বড় বড় অর্ডারের কাজ নেওয়া এবং বেকারত্ব দূর করা।

অভাবের আঁধার ভেদ করে অদম্য মনোবল ও সততার জোরে শূন্য থেকে শীর্ষ পৌঁছানোর এই লড়াকু উদ্যোক্তার জীবনকাহিনি তরুণ প্রজন্মের জন্য এক অনন্য প্রেরণা।