সোলার প্যানেলে বিদ্যুৎ বিল সাশ্রয়ে নতুন পথ দেখাচ্ছে এসডিআরএস

নিজস্ব প্রতিবেদক: নিত্যদিনের বিদ্যুৎ সংকট এবং বিদ্যুৎ বিলের চিন্তা থেকে মুক্তি দিতে বিকল্প হিসেবে আলোর দিশা দেখাচ্ছে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল। নিজস্ব কার্যালয়ে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ খরচের প্রায় ৬০ শতাংশ সাশ্রয় করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে উন্নয়ন সংস্থা এসডিআরএস (SDRS)।

সংস্থাটির কার্যালয়ের চারপাশ ও ছাদে কোনো বাড়তি জায়গা নষ্ট না করেই ৮ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বর্তমানে অফিসের ফ্যান, বাতি ও কম্পিউটারসহ বড় অংশের বিদ্যুৎ চাহিদা সোলার থেকে মেটানো হচ্ছে। এতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা যেমন কমছে, তেমনি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।

সংস্থাটির প্রতিনিধি জানান, সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যানেলগুলো সচল থাকে। বৃষ্টি বা মেঘলা আবহাওয়াতেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে না। সাধারণত ২০ থেকে ২৫ বছরের স্থায়িত্বের এই সোলার সিস্টেমে বিনিয়োগের প্রথম ৫ থেকে ৬ বছরের মধ্যেই খরচ উঠে আসে। এরপর বাকি বছরগুলোতে কোনো বাড়তি খরচ ছাড়াই বিদ্যুৎ সুবিধা পাওয়া যায়, যা অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক।

তিনি আরও জানান, ভবিষ্যতে সম্পূর্ণ কার্যালয়কে 'নেট মিটারিং'-এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এতে করে দিনে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে এবং রাতে গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার করা যাবে।

বর্তমানে সরকার ‘নিজের বিদ্যুৎ নিজেই তৈরি করুন’ নীতি বাস্তবায়নে গ্রীন ফাইনান্স বা সবুজ অর্থায়নে উৎসাহিত করছে। ২০১৩ সাল থেকে অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান ঈদকল (IDCOL)-এর অংশীদার হিসেবে এসডিআরএস সারাদেশে সোলার প্রকল্প নিয়ে কাজ করছে। এমনকি বাংলাদেশের পাশাপাশি আফ্রিকার উগান্ডাতেও তারা এই কার্যক্রম পরিচালনা করছে।

সংস্থাটি জানিয়েছে, যেকোনো বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস সৌরবিদ্যুতে রূপান্তর করতে চাইলে তারা বিনামূল্যে কারিগরি পরামর্শ ও সরকারি ঋণের সহায়তায় সার্বিক টেকনোলজি সাপোর্ট দিতে প্রস্তুত।