চাকরি ছেড়ে বাগান করে কিবরিয়ার তাক লাগানোর সাফল্য
কৃষি
নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যগত কৃষিকাজ ও মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকদের লোকসানের মুখ দেখার দিন বুঝি এবার ফুরালো। চাকরি বা গতানুগতিক পেশার মোহ ত্যাগ করে কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক পেশায় রূপান্তর করে গাইবান্ধায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা কিবরিয়া। শখের বাগান ও নার্সারি ব্যবসা থেকে শুরু করে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অসুস্থ গাছের ফ্রি চিকিৎসার মতো অভিনব উদ্যোগ নিয়ে তিনি গ্রামীণ অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ড্রাগন, মাল্টা, কমলা, পেয়ারা ও আম চাষের পাশাপাশি মাতৃগাছ থেকে মানসম্মত চারা উৎপাদনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। মাত্র ২০০টি আমগাছ দিয়ে শুরু হওয়া সেই ছোট উদ্যোগ আজ একটি বিশাল নার্সারিতে রূপ নিয়েছে। এখানে দেশি-বিদেশি ফল ও ফুলের চারা, ইনডোর-আউটডোর প্লান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট অর্নামেন্টাল গাছের পাশাপাশি জৈব সার, প্লাস্টিক ও বাঁশের টপ এবং মেটাল ও কাঠের স্ট্যান্ডের ব্যাপক সমাহার রয়েছে। কৃষকদের উৎপাদিত ফল পাইকারি বাজারে নিয়ে গেলে আড়তদারদের কমিশন ও কম দামের কারণে যখন খরচ তোলা কষ্টকর হয়ে দাঁড়াত, তখনই এই সমস্যার স্থায়ী সমাধানে গাইবান্ধা শহরে নিজস্ব বিক্রয় কেন্দ্র চালু করেন তিনি। পাইকারি বাজারে যে ফল ৬০ টাকা কেজি বিক্রি হয়, বড় দোকানে তা ১০০-১২০ টাকা হলেও এখানে সরাসরি ভোক্তাদের কাছে ৮০ টাকায় বিক্রির ব্যবস্থা করায় কৃষক অতিরিক্ত দাম পাচ্ছেন এবং ভোক্তারাও বাজারদরের চেয়ে কম দামে টাটকা ফল কিনতে পারছেন। চলতি বছর উৎপাদিত ফলের ৫০ থেকে ৬০ শতাংশ সরাসরি রিটেল বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে এবং আগামীতে শতভাগ খুচরা বিক্রির পরিকল্পনা রয়েছে তাদের। শুধু ব্যবসা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে 'তৃণমূল কৃষক সেবা কেন্দ্র'-এর মাধ্যমে যেকোনো কৃষকের অসুস্থ গাছ নার্সারিতে নিয়ে আসলে বিনামূল্যে পরিচর্যা ও চিকিৎসা দিয়ে সুস্থ করে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া দেশের ৬৪ জেলার যেকোনো প্রান্ত থেকে কৃষি উদ্যোক্তা ও শৌখিন বাগান আলোকানরা ছবি বা ভিডিও পাঠিয়ে যেকোনো পরামর্শ বা সমস্যার সমাধান নিতে পারেন।
মেধা, সততা ও কৃষকদের অধিকার আদায়ের অদম্য প্রত্যয় নিয়ে এগিয়ে চলা এই উদ্যোক্তার সফল কর্মকাণ্ড গাইবান্ধা তথা দেশের কৃষি খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।