গণতন্ত্র শক্তিশালী ও রক্ষা করতে সোচ্চার থাকতে হবে : বদিউল আলম মজুমদার

ড. বদিউল আলম মজুমদার বলেন, সুজন সোচ্চার ছিলো বলেই এবার মোটামুটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। গণতন্ত্র শক্তিশালী ও রক্ষা করতে নাগরিকদের সবসময়ই সোচ্চার থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র শক্তিশালী ও রক্ষা করতে নাগরিকদের সবসময়ই সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

রবিবার (১ মার্চ) সকালে গাইবান্ধা পাবলিক রাইব্রেরি মিলনায়তনে সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. বদিউল আলম মজুমদার বলেন, সুজন সোচ্চার ছিলো বলেই এবার মোটামুটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। গণতন্ত্র শক্তিশালী ও রক্ষা করতে নাগরিকদের সবসময়ই সোচ্চার থাকতে হবে।

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’- এই প্রতিপাদ্যে সুজনের গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সুজনের জেলা কমিটি আয়োজিত এ সভায় সংগঠনটির সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সুজন জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। আলোচনায় অংশ নেন সংস্কৃতিকর্মী শিরিন আক্তার, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, সুজন সাঘাটা উপজেলা কমিটির সভাপতি নবাব আলী প্রধান, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি শামসুজ্জোহা বাবলু, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ড. বদিউল আলম মজুমদারের সহধর্মিণী তাজিমা হোসেন মজুমদারও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুজনকে আরও শক্তিশালী করতে ও কর্মকাণ্ড অব্যাহত রাখতে উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন।

Files