সৎ মায়ের অনাদর পেটে ভাত না জোটার সেই শৈশব পেরিয়ে

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: শৈশবে তিনবেলা ভাত জোটেমি, সৎ মায়ের সংসারে দিনের পর দিন সহ্য করতে হয়েছে অমানবিক কষ্ট। অর্থাভাবে মেটেনি পড়াশোনার স্বপ্নও। পেটের টানে রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে অটো চালানো কিংবা কাপড়ের ব্যবসা—জীবনের সাথে লড়াই করতে গিয়ে কম পথ পাড়ি দিতে হয়নি তাকে। তবে জীবনের সব অন্ধকার কাটিয়ে মাত্র ৩০ হাজার টাকার পুঁজি আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে মসলার ব্যবসা গড়ে আজ সফলতার আলো খুঁজে পেয়েছেন এক সংগ্রামী তরুণ।

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার পুরাতন জেলখানা সংলগ্ন বিএম স্কুল মোড় এলাকায় ফুটপাতে মসলা বিক্রি করছেন এই উদ্যোক্তা। ছোটবেলায় মা হারানোর পর সৎ মায়ের কাছে চরম অবহেলা ও অনটনের মধ্যে বড় হন তিনি। সকালে মাদ্রাসায় যাওয়ার সময় বা দুপুরে জুটেছে কেবল পানি-পান্তা। চরম অভাবের তাড়নায় জীবনের তাগিদে রাজমিস্ত্রির জোগালি থেকে শুরু করে বিভিন্ন পেশায় কায়িক শ্রম দিয়েছেন। পরবর্তীতে কাপড় ও কসমেটিকস ব্যবসার পাশাপাশি হরেক রকম চেষ্টা করেও যখন সুবিধা করতে পারছিলেন না, তখন মাত্র ৩০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন ফুটপাতে মসলার ব্যবসা। রমজানের ১৪ তারিখ থেকে শুরু করা সেই ব্যবসায় অল্পদিনের মধ্যেই পুরো মূলধন তুলে ফেলেন তিনি। বর্তমানে জিরা, গরম মসলা, পাঁচফোড়নসহ বিভিন্ন মসলার প্যাকেট ৫০ টাকায় বিক্রি করে প্রতিদিন প্রায় ১,৮০০ থেকে ২,০০০ টাকার বেচাকেনা করছেন। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন তার হাতে থাকে ৭০০ থেকে ৮০০ টাকা। আগের ব্যবসাগুলোতে লোকসান বা মানসিক চাপ থাকলেও বর্তমানের এই ছোট ব্যবসায়ে এসে তিনি যেমন অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন, তেমনি ফিরে পেয়েছেন আত্মসম্মান ও স্বাধীনতা।

অভাব-অনটন আর শত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে সততা ও পরিশ্রমে গড়ে ওঠা এই ছোট উদ্যোগ গ্রামীণ জনপদের সাধারণ মানুষের জীবনসংগ্রামের এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে উঠেছে।