পা থাকলে আমিও সবার মতো দৌড়াতাম

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: সৃষ্টিকর্তার এক নির্মম আঘাতে জীবন থেকে হারিয়ে গেছে স্বাভাবিক চলাচলের সব আনন্দ। ছাদের ওপর ঘটে যাওয়া এক ভয়ভাবহ দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরম পানিতে শরীর ঝলসে যাওয়ার পর দুটি পা ও কানের অংশ হারাতে হয়েছে তাকে। জীবনের রঙিন দিনগুলো হুইলচেয়ার আর বিশেষ রিকশার গণ্ডিতে বন্দি হয়ে গেলেও দমে যাননি তিনি। অন্যের কাছে হাত না পেতে জীবনের সাথে পাঞ্জা লড়ে প্রতিদিন ইশকা (রিকশা) চালিয়ে হালাল উপার্জনের মাধ্যমে আত্মসম্মানের সাথে বেঁচে থাকার এক হৃদয়বিদারক অথচ অনুপ্রেরণাদায়ী গল্প তৈরি করেছেন এই সংগ্রামী যুবক।

খোঁজ নিয়ে জানা যায়, একসময় ডাইং কারখানায় সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০১৬ সালে ক্যানসারে বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে চেপেছিল। কিন্তু মর্মান্তিক সেই দুর্ঘটনায় তার জীবনের সব স্বপ্ন নিমিষেই চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। চিকিৎসায় শরীর কিছুটা সুস্থ হলেও চিরতরে হারিয়ে যায় তার দুই পা। সুস্থ মানুষ যখন স্বাভাবিকভাবে হাঁটে কিংবা মাঠে ফুটবল খেলে, তখন দূরে বসে তা দেখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া তার আর কিছুই করার থাকে না। চরম অভাব-অনটন ও অসহায়ত্বের মধ্যেও তিনি কারো কাছে হাত পাতেননি। বরং নিজের আত্মসম্মান ও ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে গ্রামবাসীর সহযোগিতায় একটি বিশেষ রিকশা বা ইশকা সংগ্রহ করেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রিকশা চালিয়ে যা আয় হয়, সেখান থেকে ভাড়ার টাকা মিটিয়ে যা থাকে তা দিয়েই কোনোমতে সংসার চালান তিনি। বৃদ্ধ মা ও পরিবারের মুখের দিকে তাকিয়ে একটি স্থায়ী ব্যবসা বা কর্মসংস্থানের জন্য তিনি এখন সরকার ও সমাজের হৃদয়বান ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন।

শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে ভিক্ষাবৃত্তির পথ মাড়িয়ে মেধা ও ঘামে হালাল রুজি অর্জনের এই অদম্য লড়াই মানবতা ও জীবিকার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।