রক্ত বিক্রি করে সন্তানের খাবার জোগাড় করেছিলেন যিনি
জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: নবজাতক শিশুর ক্ষুধার কান্নার চেয়ে পৃথিবীতে করুণ আর কিছু হতে পারে না। পকেটে একটি টাকাও নেই, পরিচিতজনের কাছে হাত পেতেও যখন সাহায্য মেলেনি, তখন সন্তানের মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে নিজের শরীরের রক্ত বিক্রি করে দিয়েছিলেন এক হতদরিদ্র পিতা। ভাগ্যের নির্মম পরিহাসে চাকরি হারিয়ে শূন্য থেকে শুরু করা সেই জুম্মন আজ সততা ও কঠোর পরিশ্রমের জোরে ফল বিক্রি করে নিজের পায়ে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, একসময় একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করলেও সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার পর তার চাকরি চলে যায়। এরপর শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। জন্মের পর মা বুকের দুধ না পাওয়ায় নবজাতক সন্তানকে ফিডারে ল্যাকটোজেন খাওয়ানোর প্রয়োজন হলেও অর্থাভাবে কেউ এক মুঠো টাকা ধার দেয়নি। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত হাসপাতালে রক্ত বিক্রি করে ৮০০ টাকা জোগাড় করে সন্তানের খাবার কিনেছিলেন তিনি। পরবর্তীতে অন্যের অধীনে গালমন্দ শুনে চাকরি করার চেয়ে নিজেই কিছু করার তাগিদে এক বন্ধুর সহযোগিতায় মাত্র আড়াই কেজি পেয়ারা কিনে ফুটপাতে ফল বিক্রির ব্যবসা শুরু করেন। শুরুর দিকে লোকলজ্জা ও সংকোচ কাজ করলেও পেটের ক্ষুধা এবং পরিবারের কষ্টের কথা চিন্তা করে তিনি পিছু হটেনি। বর্তমানে পেয়ারার পাশাপাশি আনারস ও বিভিন্ন মৌসুমি ফল বিক্রি করে প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করছেন তিনি। প্রতিদিনের এই সামান্য আয় দিয়ে মায়ের দোয়া মাথায় নিয়ে অত্যন্ত সংগ্রাম ও সততার সাথে সংসার চালিয়ে যাচ্ছেন জুম্মন।
অভাবের তাড়নায় হার না মেনে রক্ত বিক্রি থেকে শুরু করে আজকের এই ঘুরে দাঁড়ানোর সংগ্রাম গ্রামীণ জনপদের মানুষের অদম্য বেঁচে থাকার লড়াইয়ের এক হৃদয়বিদারক অথচ অনুপ্রেরণাদায়ক চিত্র ফুটিয়ে তোলে।