ফুলছড়ি সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তরের আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ
এ কর্মসূচিতে ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি ও গজারিয়া ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় স্থানান্তরের আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি সাব-রেজিস্ট্রার কার্যালরের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
এ কর্মসূচিতে ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি ও গজারিয়া ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে চরাঞ্চলের মানুষের সুবিধার কথা চিন্তা করেই এই অফিসটি ব্রিটিশ আমলে ফুলছড়ি বাজারে স্থাপন করা হয়েছিল। এ পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক জটিলতা দেখা যায়নি। ভৌগলিক দিক থেকেও গজারিয়া সুবিধাজনক হওয়ায় উপজেলার অধিকাংশ মানুষ এখান থেকেই সেবা গ্রহণ করে আসছে। কিন্তু জনস্বার্থ উপেক্ষা করে হঠাৎ করেই সেটি কালিরবাজার এলাকায় সরিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। অফিসটি স্থানান্তর করা হলে নদীবেষ্টিত এই অঞ্চলের মানুষের যাতায়াত খরচ ও ভোগান্তি কয়েক গুণ বাড়বে। তারা আরও বলেন, বর্তমান স্থানে অফিস থাকলে চরাঞ্চলের মানুষ সহজেই নৌপথে যাতায়াত করতে পারে। প্রয়োজনে নিরাপদে রাত্রীযাপনের ব্যবস্থাও রয়েছে। কিন্তু নতুন স্থানে এসব সুবিধা অনিশ্চিত হয়ে পড়বে।
বক্তারা উল্লেখ করেন, গজারিয়ার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে সপ্তাহে দুই দিন দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা সমবেত হন। এতে দলিল সংক্রান্ত কাজ সহজে সম্পন্ন করা যায়। কিন্তু অফিসটি কালিরবাজারে স্থানান্তর করা হলে সংশ্লিষ্ট ইউনিয়নের মানুষকে অতিরিক্ত প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যা সময় ও ব্যয় বাড়াবে এবং যাতায়াতে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে।
তাই উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস স্থানান্তরের আদেশ বাতিল করে ফুলছড়ি বাজারেই বহাল রাখার দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য দেন এ কর্মসূচির সমন্বয়ক হাফিজুর রহমান বাবু, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খুশু, ফুলছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল আমিন, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, গজারিয়া ইউপি সাবেক চেয়ারম্যান সামছুল আলম সরকার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গজারিয়া ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামী ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম টিটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম বাবু, মশিউর রহমান, জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



