পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আজাহার আলী (৫৬) নামে এক কৃষক মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী প্রতিবেদক :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আজাহার আলী (৫৬) নামে এক কৃষক মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আজাহার আলী ওই গ্রামের আজগর আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন কৃষক আজাহার আলী। বেলা সাড়ে ১২ টার দিকে হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।