গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় ১১ দলের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
নিজস্ব প্রতিবেদক :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের পৌর শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের করা হয়।
এতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে পৌর শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতেই এ গণভোট আয়োজন করা হয়েছিল যা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর মো. আব্দুল করিম সরকার, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুন্নবী সরকার, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, এবি পাটি জেলা নেতা মোস্তফা কামাল রন্জু, সুন্দরগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মসলিসের জেলা মুফতি ইদ্রিস বিন আনোয়ার, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মসলিস বাংলাদেশ অধ্যক্ষ গোলাম আজম, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন, এলডিপি জেলা সেক্রেটারি শেফালী বেগম, গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কারযাবি প্রমুখ।



