খাতার পাতার আঁকাআঁকি আজ সফল ক্যানভাস শিল্প
ব্যতিক্রমী
নিজস্ব প্রতিবেদক: পড়ার টেবিলে বই-খাতার ফাঁকে মনের সুপ্ত টানে পেন্সিল বা রং দিয়ে ছোটখাটো আঁকাআঁকি করার অভ্যাস অনেকেরই থাকে। কিন্তু সেই শখকেই যদি নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে পেশাদার শিল্পে রূপ দেওয়া যায়, তবে তা কীভাবে একটি সফল উদ্যোগে পরিণত হতে পারে, তার এক নান্দনিক উদাহরণ সৃষ্টি করেছেন তরুণী উদ্যোক্তা সাঞ্জিদা। ক্যানভাসে রংতুলির ছোঁয়ায় গ্রামীণ প্রকৃতি ও সৃজনশীল শিল্পকর্ম ফুটিয়ে তুলে তিনি আজ নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আঁকাআঁকির প্রতি গভীর টান ছিল তার। তখন ড্রইং খাতা বা পর্যাপ্ত রং না থাকলেও বইয়ের মার্জিনে বা খাতায় নকশা করে নিজের ভালো লাগা মেটাতেন। সময়ের পরিক্রমায় সেই শখ কেবল আর বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং ক্যানভাস কিনে প্রফেশনালভাবে কাজ শুরু করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আঁকা গ্রামীণ দৃশ্য ও বিভিন্ন ক্যানভাস পেইন্টিংয়ের ছবি আপলোড করার পর যখন পরিচিত ও অপরিচিত মহলে ব্যাপক সাড়া পেতে শুরু করেন, তখন থেকেই মূলত তার বাণিজ্যিক পথচলার সূচনা হয়। বর্তমানে 'Art by Sanjida' নামের অনলাইন পেজের মাধ্যমে তিনি গ্রাহকদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সাইজের ক্যানভাস পেইন্টিং তৈরি করে সরবরাহ করছেন। কাজের ধরণ ও সাইজ ভেদে মাঝারি আকারের পেইন্টিং ১,০০০ থেকে ১,২০০ টাকা এবং বড় ক্যানভাসগুলো ২,০০০ থেকে ৩,০০০ টাকায় বিক্রি হয়ে থাকে। শিল্পকর্মের পেছনে যে দীর্ঘ সময় ও মেধা ব্যয় হয়, তার সঠিক মূল্যায়নে ক্রেতাদের সন্তুষ্টিই তার প্রধান প্রাপ্তি। পেইন্টিং বিক্রির উপার্জিত অর্থ দিয়ে নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি পরিবার ও মায়ের পাশে দাঁড়াতে পেরেছেন তিনি। কারো করুণা নয়, বরং নিজের মেধা ও সৃজনশীলতাকে পুঁজি করে সামনে এগিয়ে যাওয়ার এই অদম্য জেদ তাকে তরুণ প্রজন্মের মাঝে এক অনন্য অনুপ্রেরণায় পরিণত করেছে। ভবিষ্যতে একটি নিজস্ব বড় শোরুম স্থাপন, অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে নিজের আর্ট পৌঁছে দেওয়া এবং আগ্রহী শিশুদের পেইন্টিং ও ড্রয়িং শেখানোর সুদূরপ্রসারী স্বপ্ন দেখছেন এই উদীয়মান নারী শিল্পী।
শখ আর ভালোবাসাকে রংতুলির আঁচড়ে জীবন্ত করে তোলার এই সৃজনশীল পথচলা গ্রামীণ ও মফস্বল অঞ্চলের তরুণদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।