চোখে জটিল রোগ অর্থাভাবে থমকে আছে শিশু কন্যার ডাক্তার হওয়ার স্বপ্ন

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: “আম্মু আমি ডাক্তার হবো”—নিষ্পাপ এক শিশুর এমন সুন্দর স্বপ্ন আজ চোখের দুরারোগ্য ব্যাধি আর চরম দারিদ্র্যের নিষ্ঠুরতায় ফিকে হয়ে আসছে। চোখের তীব্র যন্ত্রণায় ছটফট করা এই শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হওয়ায় অর্থাভাবে আজ অন্ধত্বের মুখে ঢলে পড়ছে এক সম্ভাবনাময়ী শিশুর জীবন।

খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই চোখে জটিল সমস্যা নিয়ে বেড়ে ওঠা এই শিশুটির চোখের অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। মেয়ের চিকিৎসার জন্য এর আগে রংপুর ও ঢাকার ইসলামী চক্ষু হাসপাতালসহ বিভিন্ন স্থানে ডাক্তারের কাছে দৌড়ঝাঁপ করেছেন অসহায় বাবা-মা। চিকিৎসা চালাতে গিয়ে নিজেদের শেষ সম্বল গবাদিপশু বিক্রি করার পাশাপাশি মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সর্বস্বান্ত হয়েছেন তারা। বর্তমানে দিনমজুর বাবার প্রতিদিনের ভাঙা আয়ে নুন আনতে পান্তা ফুরোয়; অনেক দিন অনাহারেই দিন কাটাতে হয় পরিবারটির। অথচ অর্থাভাবে উন্নত চিকিৎসা বন্ধ থাকায় শিশুটির চোখের যন্ত্রণা দিন দিন বেড়েই চলেছে। ঘরবন্দী এই শিশুটি তার মায়ের কাছে কান্নাকাটি করে বলে, সে সুস্থ হয়ে অন্য দশটা শিশুর মতো স্কুলে যেতে চায় এবং বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হতে বসেছে।

অসহায় এই শিশুর অন্ধত্ব রোধে এবং তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন তার অসহায় মা-বাবা।