শীতে দম ফেলার সময় নেই ধুনকরদের লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: শীতের আগমনী বার্তার সাথে সাথে গাইবান্ধায় ধুনকর পল্লীতে শুরু হয়েছে ব্যস্ততা। কনকনে শীতে আরামদায়ক ঘুমের জন্য লেপ-তোষকের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় দম ফেলার ফুরসত নেই কারিগরদের। প্রায় ৪৬ বছর ধরে এই পেশায় নিয়োজিত প্রবীণ কারিগর মোহাম্মদ ইলিয়াস জানান, মৌসুমের এই সময়টিতে তাদের ব্যস্ততা তুঙ্গে থাকে।

ইলিয়াস বলেন, "শীত এলেই গাইবান্ধার বিভিন্ন উপজেলা থেকে গ্রাহকরা আমাদের কাছে লেপ-তোষক তৈরির অর্ডার নিয়ে আসেন। আমরা মজুরির বিনিময়ে উন্নতমানের লেপ-তোষক তৈরি করে দিই।" তার তথ্যমতে, উপকরণের মান অনুযায়ী ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে লেপ-তোষক তৈরি করা যায় এবং সঠিক উপাদানে তৈরি পণ্য দীর্ঘস্থায়ী হয়,,।

এই এলাকায় প্রায় ১০০ জন কারিগর লেপ-তোষক তৈরির পেশায় জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন। ইলিয়াস তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে জানান, এই পেশার মাধ্যমে তিনি তার সন্তানদের বড় করেছেন এবং সংসার চালিয়েছেন। শীতের তীব্রতায় চাহিদা বাড়লে সিজনাল সময়ে তাদের দৈনিক আয় ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়,।

বাজারে রেডিমেড পণ্যের ভিড়েও মানসম্মত লেপ-তোষকের কদর এখনো কমেনি, বরং কারিগরদের হাতের তৈরি পণ্যের চাহিদাই এখন বেশি। শীতের পুরো সময়জুড়েই এই ধুনকর পল্লীতে কর্মব্যস্ততা বজায় থাকে বলে জানান ব্যবসায়ীরা।