প্লাস্টিক নয়, পরিবেশ রক্ষায় কাগজ দিয়েই তৈরি হচ্ছে স্বাস্থ্যসম্মত প্লেট
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: পরিবেশের জন্য চরম হুমকিস্বরূপ প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন এক উদীয়মান উদ্যোক্তা। পরিবেশের কোনো ক্ষতি না করে সম্পূর্ণ রিসাইকে্লবল ও পচনশীল কাগজের আকর্ষণীয় প্লেট তৈরি করে গাইবান্ধায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। একদিকে পরিবেশ রক্ষা এবং অন্যদিকে স্থানীয় নারীদের কর্মসংস্থান—দুটোই সফলভাবে বাস্তবায়ন করে চলেছেন এই তরুণ।
খোঁজ নিয়ে জানা যায়, আধুনিক মেশিনের সাহায্যে বিভিন্ন গ্রাম ও শহরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, হোটেল ও দোকানপাটের কথা মাথায় রেখে এই পরিবেশবান্ধব কাগজের প্লেট তৈরি করা হচ্ছে। মান ও জিএসএম (৩০০ জিএসএম, ২১০ জিএসএম, ১৮০ জিএসএম) ভেদে এই প্লেটগুলো ৩.৫০ টাকা থেকে ৫ টাকা মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। ঢাকার যাত্রাবাড়ী থেকে উন্নত মানের মেশিন সংগ্রহ করে এবং ৫ বছরের গ্যারান্টি ও দীর্ঘমেয়াদি সার্ভিসিং সুবিধার নিশ্চয়তা নিয়ে প্রায় ৭ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে এই কারখানা স্থাপন করা হয়েছে। শুরুতে মহিলাদের কাজ শেখানো ও মেশিন পরিচালনা নিয়ে কিছুটা আশঙ্কা থাকলেও বর্তমানে স্থানীয় বেশ কয়েকজন নারী দক্ষভাবে এই উৎপাদন চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার প্লেট উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে চাহিদার ভিত্তিতে ৩ থেকে ৫ হাজার প্লেট বাজারে সরবরাহ করা হচ্ছে। ব্যবসায়িক লাভের পাশাপাশি পরিবেশ রক্ষা ও এলাকার বেকার নারীদের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করাটাই তার মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও আধুনিক মেশিন সংযোজন করে ব্যবসাকে বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
প্লাস্টিকের ভয়াবহ দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে এবং গ্রামীণ অর্থনীতিতে স্বাবলম্বী হওয়ার এমন উদ্যোগ সচেতন মহলে দারুণ প্রশংসিত হচ্ছে।