মোবাইল আসক্তি দূরে রেখে রঙের ক্যানভাসে স্বপ্ন বুনছে গাইবান্ধার কিশোরী মারজিয়া
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: আধুনিক যুগে শিশুদের মোবাইল ফোনের আসক্তি যখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন গাইবান্ধার গোবিন্দগঞ্জের মীর শারমিন শিমুর মেয়ে মারজিয়া হক বেছে নিয়েছে রঙের ক্যানভাস। পড়াশোনার অবসরে টেক্সচার আর্ট ও পেইন্টিং নিয়ে কাজ করে সে কেবল নিজের প্রতিভা বিকশিত করছে না, বরং শখের কাজটিকে রূপ দিয়েছে ছোটখাটো এক ব্যবসায়িক উদ্যোগে।
মারজিয়ার মা জানান, তার মেয়ের মধ্যে লুকানো সৃজনশীল প্রতিভাকে তিনি উৎসাহিত করেছেন। ক্যানভাস ও রঙ দিয়ে মারজিয়ার তৈরি প্রতিটি পেইন্টিং যেন এক একটি শিল্পকর্ম। স্থানীয় মেলার প্রদর্শনীতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা ও ক্রেতাদের আগ্রহ তাদের ব্যবসার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে অনলাইনে এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তাদের তৈরিকৃত শিল্পকর্মগুলো সমাদৃত হচ্ছে।
প্রতিটি পেইন্টিং তৈরিতে সৃজনশীলতা ও শ্রমের যে সংমিশ্রণ থাকে, তা সাধারণ মানুষের নজর কাড়ছে। মারজিয়ার এই উদ্যোগ প্রমাণ করে, সঠিক অনুপ্রেরণা ও পারিবারিক সহায়তা পেলে ছোট থেকেই একজন তরুণী স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতে পারে। গাইবান্ধার নাকাইহাট ইউনিয়নের এই উদ্যোক্তা ভবিষ্যতে নিজের কাজকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে। আগ্রহী ক্রেতারা ০১৭১০১৭৯৬৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।
