৪০ লিটার দুধে ৪১ প্রকার চা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: চা মানেই সাধারণ দুধ-চিনির চেনা কাপ—এই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়ে গাইবান্ধার মাটিতে এক কাপ চায়ের সাথে হরেক রকম পদের মেলবন্ধন ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক উদীয়মান তরুণ উদ্যোক্তা। মাত্র ৫ টাকা থেকে শুরু করে ৮০ টাকা পর্যন্ত ভিন্নধর্মী ৪১ পদের চা তৈরি করে তিনি এখন স্থানীয় চা প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ চড়াই-উতরাই ও সংগ্রাম পেরিয়ে ২০১৮ সাল থেকে এই ব্যবসার সাথে যুক্ত হন তিনি। শুরুর দিকে মাত্র ৭-৮টি আইটেম নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার দোকানে স্থান পেয়েছে ৪১ প্রকারের সুস্বাদু চা। এর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কাজু বাদাম ও মালাইয়ের তৈরি ‘কাজুমালাই স্পেশাল’ (৮০ টাকা) এবং বাটার ও ঘি দিয়ে বনরুটি পুড়িয়ে বিশেষ মালাই দিয়ে পরিবেশন করা ‘পোড়া বন শাহি চা’ (৫০ টাকা)। এছাড়া মরিচ চা, মটকা চা, তুলসি টি, গ্রিন টি ও টারমারিক ইনফিউশনের মতো স্বাস্থ্যসম্মত ও বৈচিত্র্যময় চা রয়েছে তালিকার শীর্ষে। চায়ের আসল স্বাদ বজায় রাখতে নাটোর থেকে সংগ্রহ করা বিশেষ গুড় এবং প্রচুর ফ্যাটযুক্ত খাঁটি দুধ ব্যবহার করা হয়। মানসম্মত পরিবেশন ও দারুণ স্বাদের কারণে তার দোকানে প্রতিদিন ৪০ লিটারের বেশি দুধের চা বিক্রি হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা। সব খরচ মিটিয়ে দৈনিক আড়াই থেকে তিন হাজার টাকা লাভ করেন তিনি। ছোট বা বড় বলে কোনো কাজকে ছোট মনে না করে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ব্যবসা করলে সফলতা যে অবধারিত, এই চা দোকানদার সেটাই প্রমাণ করে দেখিয়েছেন।
প্রান্তিক জনপদে তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার এই সফল গল্প গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।