শখের সোনার আংটি বেচে শুরু করেছিলেন পার্লার
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: সমাজ ও পারিপার্শ্বিক নানা প্রতিকূলতা আর কটূক্তিকে পেছনে ফেলে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার লড়াইয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক অদম্য নারী উদ্যোক্তা। নিজের শখের সোনার আংটি বিক্রি করে এবং ঢাকায় পেশাদার প্রশিক্ষণ নিয়ে গাইবান্ধা অঞ্চলে গড়ে তোলা বিউটি পার্লার আজ শত নারীর কর্মসংস্থান ও আত্মবিশ্বাসের ঠিকানা হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসা শুরুর প্রারম্ভে বড় অংকের পুঁজি সংগ্রহের জন্য নিজের প্রিয় সোনার আংটি বিক্রি করতে হয় তাকে। ঢাকার বড় সেলিব্রিটি পার্লার থেকে প্রায় ১ লক্ষ টাকা খরচ করে পেশাদার ট্রেনিং নেওয়ার পর বাকি টাকা দিয়ে মানসম্মত প্রসাধন সামগ্রী সংগ্রহ করে এই ব্যবসা শুরু করেন। তবে পথটি মোটেও মসৃণ ছিল না। ব্যবসা শুরুর সময় স্থানীয় কিছু মানুষের তীব্র বিরোধিতা, মানহানিকর কথা এবং থানা-পুলিশ বা হাতাহাতির মতো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবুও দমে না গিয়ে তিনি নিজের প্রতি শতভাগ আত্মবিশ্বাস রেখে লড়াই চালিয়ে যান। বর্তমানে তার পার্লারে ফেশিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ, নাক-কান ফোঁটানোসহ মেয়েদের রূপচর্চার যাবতীয় সেবা দেওয়া হয়। পাশাপাশি এলাকার আগ্রহী তরুণীদের পার্লারের কাজ শিখিয়ে তাদেরও নিজ পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন তিনি। সকাল ১১টা থেকে রাত পর্যন্ত অত্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত এই প্রতিষ্ঠানে ভারতীয় ও মানসম্মত ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করা হয়। বিয়ের মৌসুম বা বিশেষ দিনে মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা এবং সাধারণ সময়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করে তিনি আজ শুধু নিজের পরিবারকেই সাহায্য করছেন না, বরং নিজের স্বপ্নগুলোও সফলভাবে পূরণ করছেন।
চাকরির পেছনে না ছুটে নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার এই সাহসী যাত্রা গ্রামীণ অর্থনীতির চিত্র বদলানোর পাশাপাশি সমাজকে নতুন এক দিশা দেখাচ্ছে।