১২ বছরের শিক্ষকতা ছেড়ে চাল-আটা ও অর্গানিক পণ্যের ব্যবসা

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা অঞ্চলে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত অর্গানিক খাদ্যপণ্য নিয়ে তরুণ প্রজন্মের আত্মপ্রকাশ গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দীর্ঘ ১২ বছর শিক্ষকতা পেশার সাথে যুক্ত থেকে আরামদায়ক জীবনের মোহ ত্যাগ করে, এলাকার মানুষের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছেন এক সাবেক শিক্ষিকা। গাইবান্ধা জেলা শহরের ডিসি অফিসের সামনে পুরাতন সেটেলমেন্ট অফিস রোডে গড়ে ওঠা ‘আঞ্চলিক সম্ভার’ নামের এই প্রতিষ্ঠান আজ দেশজুড়ে স্বাস্থ্যসচেতন মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, উদ্যোক্তার বাবা একজন সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার হওয়ায় কৃষিকাজ ও স্থানীয় ফসলের বৈচিত্র্য সম্পর্কে তার ধারণা ছিল বেশ স্পষ্ট। বাবার অবসরকালীন জমানো দেড় থেকে দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে তিনি এই উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ব্রহ্মপুত্র ও যমুনার চরের উর্বর পলিজমিতে উৎপাদিত ঐতিহ্যবাহী ‘গাঞ্জিয়া ধান’ সংগ্রহ করে তা আধুনিক ইলেকট্রিক ঢেকির মাধ্যমে ভাঙিয়ে ফুল ফাইবার ও পুষ্টিগুণসম্পন্ন লাল চাল (ব্রাউন রাইস) এবং ক্ষুদ তৈরি করা হচ্ছে। বর্তমান যুগে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসচেতন মানুষ যখন ফাইবারসমৃদ্ধ খাবারের খোঁজ করছেন, তখন এই ঢেকি ছাটা চাল দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। গাঞ্জিয়া চালের পাশাপাশি বিএসটি (BSTI) অনুমোদিত লাল আটা, বিভিন্ন ফুল থেকে সংগৃহীত খাঁটি মধু, চিয়া সিড এবং খাঁটি হলুদ গুঁড়াসহ নানা অর্গানিক পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ব্যবসার ট্রেড লাইসেন্স ও বিএসটি (BSTI) সনদ অর্জনের প্রতিটি ধাপ তিনি নিজেই একা ও তার টিমের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করেছেন। গোপালগঞ্জ থেকে প্রথম ৫ কেজি চালের অনলাইন অর্ডার পাওয়ার সেই আনন্দঘন স্মৃতি তাদের কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেয়। বর্তমানে স্থানীয় নারী কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি অনলাইনে ও অফলাইনে দেশব্যাপী এই স্বাস্থ্যসম্মত পণ্যগুলোর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আগামী পাঁচ বছরে এই প্রতিষ্ঠানটিকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করে আরও অধিক সংখ্যক নারী ও যুবকের কর্মসংস্থান নিশ্চিত করার স্বপ্ন দেখছেন এই নারী উদ্যোক্তা।

শিক্ষকতা ছেড়ে গ্রামীণ ঐতিহ্য ও অর্গানিক খাদ্যের প্রসারে একজন নারীর এই সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ সমাজের সকল স্তরে দারুণ অনুপ্রেরণা জোগায়।