ত্রিশ বছর ধরে চলছে কফির সুবাস অভাব আর সংগ্রাম জয় করে

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে তিন দশক আগে যখন মফস্বল শহরে ‘কফি’ শব্দটি অনেকের কাছেই ছিল সম্পূর্ণ অপরিচিত—এমনকি অনেকে কফিকে কেকের মতো চাকু দিয়ে কেটে খাওয়ার বস্তু ভেবে ভুল করতেন, ঠিক সেই সময়ে গাইবান্ধার বুকে কফির সুবাস ছড়িয়ে দিতে শুরু করেছিলেন এক স্বপ্নবাজ মানুষ। দীর্ঘ ৩৫-৩৬ বছরের নিরলস সংগ্রাম, তীব্র অভাব-অনটন এবং শত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজ তিনি এলাকার অন্যতম সফল ও পরিচিত কফি বিক্রেতা।

খোঁজ নিয়ে জানা যায়, জীবনের শুরুতে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে তাকে। পরিবারের অমত সত্ত্বেও নিজের জেদ ও অদম্য ইচ্ছাশক্তির জোরে একসময় অন্যের দোকান থেকে কাপ ও পানি চেয়ে নিয়ে কফি তৈরির ছোট্ট টেবিলটি সাজিয়েছিলেন তিনি। প্রথম দিকে মানুষ কফি সম্পর্কে না জানলেও তার সততা, নিখুঁত ফেনা তোলার কৌশল, খাঁটি গরুর দুধের ব্যবহার এবং শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব দ্রুত কফিপ্রেমীদের আকৃষ্ট করে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, এনজিও ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন তার টেবিলে কফি পান করতে আসেন। সময়ের সাথে উপকরণের দাম বাড়লেও তার হাতের কফির স্বাদ ও মান আজও অপরিবর্তিত রয়েছে। দূরদূরান্ত থেকে মানুষ আজও তার হাতের কফি খেতে ছুটে আসেন। সততা ও পরিচ্ছন্নতা বজায় রেখে তিল তিল করে গড়ে ওঠা এই ব্যবসার সুবাদে তিনি আজ গাইবান্ধা অঞ্চলের মানুষের কাছে এক অনুপ্রেরণার প্রতীক।

কৈশোর ও যৌবনের কঠিন সংগ্রাম পেরিয়ে সততা ও পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠার এই জীবনকাহিনি গ্রামীণ জনপদে আত্মনির্ভরশীলতার এক উজ্জ্বল আলো জ্বেলে চলেছে।