গাইবান্ধায় ক্লাইমেট আর্ট মুরাল কার্যক্রম
এতে শিল্প ও সৃজনশীলতার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়।
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় তরুণদের অংশগ্রহণে জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী “ক্লাইমেট আর্ট মুরাল” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। “গাইবান্ধা ইকোসাইকেল: বন্যা সহনশীল সবুজ অর্থনীতি গঠনে তরুণদের উদ্ভাবন” শীর্ষক প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে শিল্প ও সৃজনশীলতার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়।
গত ২৫ ও ২৬ মার্চ শহরের স্কুললেন রোডের গোরস্থানপাড়া চার রাস্তার মোড়ে আয়োজিত এ কার্যক্রমে অংশ নেন স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। তারা দেয়ালচিত্র অঙ্কনের মাধ্যমে পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ কমানো এবং সচেতন জীবনধারার গুরুত্ব তুলে ধরেন। রঙিন ও দৃষ্টিনন্দন এসব মুরাল পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
সৃজনশীল গাইবান্ধা'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান বলেন, এমন সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানো সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, এই আয়োজন করে ‘সৃজনশীল গাইবান্ধা’; সহযোগিতায় ছিল এনওয়াইএফ ও ভিএসও বাংলাদেশ।



