জন্মগত জটিল রোগে বিছানায় পঙ্গু রায়হানের বুকভাঙা গল্প

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: অন্য দশটা শিশুর মতো মাঠে দৌড়ে বেড়ানো, সহপাঠীদের সাথে খেলাধুলা করা কিংবা স্কুল প্রাঙ্গণে মেতে ওঠার বয়স হলেও নিয়তির এক নিষ্ঠুর পরিহাসে বিছানাই যার একমাত্র দুনিয়া। জন্মলগ্ন থেকেই মাথায় পানি জমার মতো জটিল রোগ এবং একের পর এক ব্যর্থ চিকিৎসার শিকার হয়ে বিছানায় পঙ্গু জীবন কাটাচ্ছেন রায়হান নামের এক হতভাগ্য কিশোর। তার এই দীর্ঘ ও মর্মান্তিক সংগ্রামের গল্প যে কারো হৃদয়কে নাড়া দেবে।

খোঁজ নিয়ে জানা যায়, জন্মের পরপরই গাইবান্ধা ও পরবর্তীতে রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে রায়হানের মাথায় অপারেশন করানো হয়। কিন্তু অর্থাভাব, সঠিক চিকিৎসার অভাব এবং ত্রুটির কারণে তার অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন তার মাথার আকার অস্বাভাবিকভাবে বড় হতে থাকে এবং তার চলনশক্তি সম্পূর্ণ হারিয়ে যায়। নিজে বসতে বা দাঁড়াতে না পারায় তাকে ঘরের মেঝেতে হামাগুড়ি দিয়ে জীবন কাটাতে হচ্ছে। মায়ের অবর্তমানে দিনমজুর বাবা, দাদি ও ফুফু মিলে তাকে কোনোমতে আগলে রেখেছেন। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি তাদের গবাদিপশুসহ সর্বস্ব বিক্রি করে আজ চরম আর্থিক সংকটে নিমজ্জিত। চিকিৎসকরা জানিয়েছেন, রায়হানের সুস্থতার জন্য উন্নত চিকিৎসায় কয়েক লাখ টাকার প্রয়োজন, যা দিনমজুর বাবার পক্ষে জোগাড় করা কল্পনাতীত। যন্ত্রণায় ছটফট করা এই কিশোর আক্ষেপ করে বলে, “সবাই খেলাধুলা করে, কিন্তু আমি পারি না।”

অসহায় এই কিশোরের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তার মলিন মুখে একটু হাসি ফোটাতে সরকারসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার