উচ্চশিক্ষিত দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের বীজযুক্ত পরিবেশবান্ধব কলম তৈরির উদ্যোগ

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষা অর্জন করেও সমাজে সম্মানজনক কাজ না পাওয়ার হতাশা যেখানে অনেকের স্বপ্ন ভেঙে দেয়, সেখানে জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে আত্মনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ উদ্যোক্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত উচ্চশিক্ষাকে পুঁজি করে তিনি তৈরি করছেন অভিনব বীজযুক্ত পরিবেশবান্ধব কাগজের কলম। “সাহায্য চাই না, একটা কলম নিন”—এই স্লোগান নিয়ে তার এই লড়াই গ্রামীণ ও শহরবাসীর নজর কেড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হার না মানা মানসিকতা নিয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত সুনামের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তী সময়ে যশোরের কাগজের কলমের উদ্ভাবক নাসিমা আক্তারের কাছ থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে নিজে হাতে পরিবেশবান্ধব কাগজ দিয়ে কলম তৈরি শুরু করেন। এই কলমের বিশেষত্ব হলো—এর ভেতরে বেগুন, মরিচ ও টমেটোর বীজ থাকে। ব্যবহার শেষ হওয়ার পর কলমটি মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে গাছ জন্মায়। পাশাপাশি সাধারণ প্লাস্টিকের কলমের মতো এতে ঘাম জমে পিচ্ছিল হয় না, ফলে পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্যে লিখতে পারেন। প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আন্তরিক সহযোগিতায় স্কুল মাঠে টেবিল পেতে কলম বিক্রি শুরু করেন তিনি। বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজ, পৌর পার্কসহ বিভিন্ন স্থানে তার তৈরি কলমের বেশ কদর রয়েছে। যদিও বর্তমানে তার আয় সীমিত এবং কিছুটা পিতার আয়ের ওপর নির্ভরশীল, তবুও নিজের এই পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে একটি বড় স্টেশনারি দোকান গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অন্যের করুণা না চেয়ে নিজের মেধা ও পরিশ্রমে বেঁচে থাকার এই অদম্য সংগ্রাম তরুণ সমাজকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।