পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ১১ বছর বয়সী শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পলাশবাড়ী প্রতিবেদক:
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনেরা জানান, গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে দুধ নিয়ে ফিরছিল শিশুটি। পথে ভবানীপুর গ্রামের রিফাত মিয়া (১৯) নামে স্থানীয় এক তরুণ শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে চাকু বের করে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে রিফাত। এসময় শিশুটির চিৎকার শুনে পথচারী ও স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ বলেন,' শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।'
এদিকে এ ঘটনায় গতকাল রবিবার (৫ এপ্রিল) রাতে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত রিফাত মিয়ার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, 'ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত পরিবারসহ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'



