সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাইদার রহমান (৬৭) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

সাদু্ল্লাপুর প্রতিবেদক:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাইদার রহমান (৬৭) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ছাইদার রহমান ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য ছাইদার রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার শয়ন ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একইসঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, 'এ ঘটনায় ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।'