গোবিন্দগঞ্জে ৫৯৫ ইয়াবাসহ দুই ‘কারবারি’ গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫৯৫ ইয়াবা ট্যাবলেট জব্দসহ দুইজন ‘মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়।
নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫৯৫ ইয়াবা ট্যাবলেট জব্দসহ দুইজন ‘মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা ঝালকাঠির রাজাপুর থানার হাট পুটিয়াখালীর আরুয়া সোনাগাঁও এলাকার সুলতান মীরের ছেলে মহারাজ মীর (৪৫) ও দিনাজপুরের কোতয়ালী থানার শিকদারহাটের মাসিমপুর এলাকার সামসুল আলমের ছেলে সাহাদত হোসেন (৩৬)।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের একটি যাত্রীবাহী বাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও দিনাজপুর ক্যাম্প যৌথ দল গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাসে অভিযান পরিচালনা করে। এসময় দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২ হাজার টাকা জব্দসহ কারবারি মহারাজ মীর ও সাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার আসামিরা অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে গাইবান্ধা ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



