একটি ফ্রিজেই বদলে গেল মুরগির মাংসের ব্যবসার ধরন
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: স্বল্প পুঁজি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে কীভাবে মুরগির মাংস সরবরাহের মতো ব্যবসাকে আরও গতিশীল ও লাভজনক করা যায়, তার এক বাস্তব উদাহরণ তৈরি করেছেন এক স্থানীয় উদ্যোক্তা। একটি ফ্রিজের সহায়তায় আগে থেকেই মুরগি প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করে দিন-রাতের যেকোনো সময়ে দ্রুত ডেলিভারি দেওয়ায় স্থানীয় প্রতিষ্ঠান ও গ্রাহকদের কাছে ব্যাপক আস্থা অর্জন করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক থেকে দেড় বছর আগে গাক (GUK)-এর নিরাপদ কৃষি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেন এই উদ্যোক্তা। সেই প্রশিক্ষণ থেকে মুরগি সংগ্রহ, স্বাস্থ্যসম্মতভাবে কাটা ও পরিষ্কার করা এবং বাজারজাতকরণের বাস্তব কৌশল শেখেন তিনি। এরপর এলাকার প্রায় ৬ থেকে ৭টি মাদ্রাসায় নিয়মিত মুরগির মাংস সরবরাহ শুরু করেন। একপর্যায়ে প্রকল্পের সহায়তায় একটি ফ্রিজ পাওয়ার পর তার ব্যবসার গতি বহুগুণ বেড়ে যায়। তিনি জানান, আগে শীত কিংবা গরম—যেকোনো মৌসুমে রাত ১০টা বা ১১টার দিকে কোনো মাদ্রাসায় মেহমান এলে কিংবা জরুরি প্রয়োজনে ফোন এলে ঘুম থেকে উঠে জবাই ও পরিষ্কার করার বাড়তি ঝামেলা পোহাতে হতো। এতে সময় যেমন বেশি লাগত, তেমনি ভোগান্তিও ছিল। কিন্তু এখন ফ্রিজের সুবিধা পাওয়ায় এক থেকে দেড় মণ মুরগি আগেই কেটে ও পরিষ্কার করে ওজন অনুযায়ী প্যাকেট বা সিল করে সংরক্ষণ করে রাখা হয়। ফলে গভীর রাতেও কোনো চাহিদা এলে ফ্রিজ থেকে বের করে মোটরসাইকেলে করে মুহূর্তেই সংশ্লিষ্ট মাদ্রাসায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। প্রতিটি প্যাকেটে ওজনের হিসাব স্পষ্ট থাকায় লেনদেন ও বুঝিয়ে দেওয়ার কাজও অনেক সহজ হয়ে গেছে।
সময়ের সঠিক ব্যবহার, পরিশ্রম এবং আধুনিক সংরক্ষণ সুবিধাকে কাজে লাগিয়ে গ্রামীণ পর্যায়ে এই উদ্যোক্তার নির্ভরযোগ্য সেবা আত্মকর্মসংস্থানের এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।