দুই প্রতিবন্ধী মেয়ের সুচিকিৎসার আকুতি নিয়ে বেঁচে থাকার লড়াই
মানবতা
নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর সবচেয়ে কঠিন রূপগুলোর একটি হলো দারিদ্র্য আর অসুস্থতার সাথে এক মায়ের অন্তহীন লড়াই। সুস্থ স্বাভাবিক শিশুদের মতো নিজ সন্তানরাও হেসেখেলে বড় হবে—প্রতিটি মায়ের এই চিরন্তন স্বপ্ন যখন চরম অভাবের ধাক্কায় ধূলিসাৎ হয়ে যায়, তখন সেই বুকফাটা আর্তনাদ পাথরকেও যেন গলে দেয়। গাইবান্ধার এক প্রান্তিক জনপদে দুই শারীরিক প্রতিবন্ধী কন্যাকে বুকে আগলে রেখে প্রতিনিয়ত নরক যন্ত্রণা সহ্য করা এক লড়াকু ও অসহায় মা লাবণীর জীবনসংগ্রাম আজ সমাজের বিবেককে নাড়া দিচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, লাবণীর সংসারে একজন সুস্থ ছেলে সন্তান থাকলেও তার মেজো ও ছোট মেয়ে জন্মগত বা শৈশবের নানা জটিল শারীরিক প্রতিবন্ধকতার শিকার। মেজো মেয়ের বয়স যখন মাত্র চার থেকে সাত মাস, তখন থেকেই তার মাথা অস্বাভাবিক বড় হতে শুরু করে। চিকিৎসকদের মতে, মাথায় পানি জমার মতো জটিল এই রোগ বা হাইড্রোক্যাফালাসের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় চার লাখ টাকা। কিন্তু দিনমজুর স্বামীর সীমিত আয়ে যেখানে প্রতিদিনের দুমুঠো ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হয়, সেখানে লাখ লাখ টাকার চিকিৎসা তো এক অবিশ্বাস্য স্বপ্ন। স্থানীয়ভাবে কিংবা প্রতিবেশীদের কাছ থেকে সামান্য ধারদেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও অর্থের অভাবে তা মাঝপথেই বন্ধ হয়ে যায়। অনেক দিন কাজ না থাকায় চুলায় হাঁড়ি চড়ে না, না খেয়ে শুয়ে থাকতে হয় দুই প্রতিবন্ধী শিশুকে। কিন্তু পেটের ক্ষুধার চেয়েও বড় হয়ে দাঁড়ায় এই দুই শিশুর উন্নত চিকিৎসার আকুতি। দিনে রাতে একহাতে দুই প্রতিবন্ধী শিশুকে গোসল করানো, খাওয়ানো এবং তাদের কান্নাকাটি সামাল দিতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই মা। সমাজের বিত্তবান মানুষ বা কোনো দাতা সংস্থার দুয়ারে হাত পেতেও মিলছে না স্থায়ী সমাধান। নিজের সমস্ত সুখ ও স্বস্তি বিসর্জন দিয়ে লাবণীর একমাত্র প্রার্থনা—তার সন্তানরাও যেন একদিন অন্য দশটা শিশুর মতো সুস্থ ও স্বাভাবিকভাবে পা ফেলে বাঁচতে পারে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ কিংবা দেশের হূদয়বান বিত্তবান ব্যক্তিরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে হয়তো অন্ধকার ভেদ করে এই দুই শিশুর জীবনে ফিরে আসতে পারে আলোর ছোঁয়া।
অভাব,