স্ত্রীর গহনা বিক্রি ও প্রথম স্টকে সর্বস্ব হারানোর ধাক্কা সামলে সফল মৎস্য উদ্যোক্তা
মৎস্য উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: ব্যবসার শুরুতে পুঁজি সংকট, চুরি ও ষড়যন্ত্রের মতো বড় ধাক্কা সামলে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সংগ্রামী মৎস্য উদ্যোক্তা। স্ত্রীর শখের গহনা বিক্রি করে শুরু করা প্রথম উদ্যোগেই বড় ধরনের চুরির শিকার হয়ে সর্বস্ব হারানোর উপক্রম হলেও, অদম্য মনোবল ও সততাকে পুঁজি করে আজ তিনি এলাকার অন্যতম সফল পোনা উৎপাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধুদলাপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হামিদুর রহমান পড়াশোনার পাশাপাশি শখের বশে এই খাতে পা রাখেন। অতীতে স্থানীয় বাজারে চড়া দামে নিম্নমানের পোনা কেনা এবং সঠিক পরামর্শের অভাবে কৃষকদের চরম ভোগান্তির শিকার হতে দেখে তিনি নিজেই মানসম্মত রেনু ও পোনা উৎপাদনের উদ্যোগ নেন। শুরুর দিকে ৩০ হাজার টাকা বিনিয়োগ করে ভালো ফল পেলেও বড় স্বপ্ন নিয়ে সেই টাকা পুনরায় বিনিয়োগ করার পর রাতের আধারে প্রতিপক্ষের লোকজন তার সমস্ত মাছ চুরি করে নিয়ে যায়। তবুও দমে না গিয়ে তিনি ২০১৬ সাল থেকে অত্যন্ত কষ্টকর ও শ্রমসাধ্য প্রক্রিয়ায় ছোট পরিসরে মাছ ফুটানোর কাজ চালিয়ে যান। বর্তমানে প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই হ্যাচারিতে রুই, মিরগাল, সিলভার, পুটি, শিং, টেংরা ও পাবদাসহ প্রায় ১৫ প্রজাতির মাছের রেনু ও পোনা উৎপাদিত হচ্ছে। কৃষকদের আস্থার প্রতীক হয়ে ওঠা এই খামারে উৎপাদিত পোনার গুণগত মানের নিশ্চয়তা দেওয়া হয় এবং কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হলে তাকে পুনরায় পোনা দিয়ে সহযোগিতা করার নজিরও রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া ঋণ সফলভাবে পরিশোধ করে আজ তিনি সম্পূর্ণ ঋণমুক্ত থেকে গ্রামীণ মৎস্য খাতে এক আলোকবর্তিকা হয়ে কাজ করছেন।
প্রতিকূলতা জয় করে সততা ও পরিশ্রমে গড়া এমন উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় মৎস্যচাষীদের মুখে হাসি ফোটাচ্ছে।