৬ মাস কোনো অর্ডার ছিল না! হাল না ছেড়ে আজ সফল নারী উদ্যোক্তা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: শুরুতে টানা ছয় মাস একটিও অর্ডার না পেয়েও নিজের আত্মবিশ্বাস ও ধৈর্যের জোরে আজ সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন গাইবান্ধার সাবরিনা (লিশা)। গায়ে হলুদের কাস্টমাইজড গহনা তৈরি এবং পেশাদার মেকওভারের কাজ করে তিনি এখন স্বাবলম্বী।
উদ্যোক্তা জানান, করোনাকালীন সময়ে ঘরের বন্দি দশায় সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েটিভ কাজ দেখে তার মনে এই ব্যবসার অনুপ্রেরণা জাগে। মাত্র ১৫,০০০ টাকা পুঁজি নিয়ে ২০২২ সালে তিনি কাজ শুরু করেন। প্রথম ছয় মাস কোনো বিক্রি না হলেও তিনি আশা হারাননি। পরবর্তীতে একটি পেজ খোলার প্রায় ছয় মাস পর প্রথম অর্ডার পান এবং সফলভাবে তা সম্পন্ন করায় কাজের পরিধি দ্রুত বাড়তে থাকে।
বর্তমানে তার ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়েছে এবং গাইবান্ধার পাশাপাশি কুড়িগ্রাম ও রংপুরের বিভিন্ন স্থানে তার গহনা সরবরাহ হচ্ছে। গহনা তৈরির পাশাপাশি তিনি দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করছেন এবং নিজেকে আরও আপডেট রাখতে দেশ ও বিদেশের বিভিন্ন অনলাইন কোর্স সম্পন্ন করছেন। ব্যবসার পাশাপাশি তিনি নিজের দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যতে অন্যান্য নারীদের কর্মসংস্থান তৈরির স্বপ্ন দেখছেন।
শুরুতে স্বামী ও পরিবারের পক্ষ থেকে দারুণ সহযোগিতা পেলেও পারিপার্শ্বিক মানুষের নানা সন্দেহের মুখে পড়তে হয়েছিল তাকে। তবে নিজের সততা ও উন্নত মানের কাজের মাধ্যমে তিনি সবার সেই ধারণা পাল্টে দিয়েছেন।
তার এই সেবা গ্রহণ করতে বা কাস্টমাইজড গহনার অর্ডার করতে চাইলে ‘গায়ে হলুদের গহনা গাইবান্ধা’ কিংবা ‘নিশাস মেকওভার’ ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।
