শ্মশানের জায়গা দখলের চেষ্টা: গাইবান্ধায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
পৌর মহাশ্মশানের জায়গা বেদখলের পায়তারা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোডে পৌর মহাশ্মশান কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি প্রকাশ করে জেলা পূজা উদযাপন কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বী মানুষ গাইবান্ধা পৌর মহাশ্মশানে মরদেহ সৎকার করে আসছে। সম্প্রতি মাসুদ রানা নামে এক ব্যক্তি মহাশ্মশানের জায়গা দখলে নেয়ার চেষ্টা করে। বক্তারা বলেন, কাগজ-কলমে মহাশ্মশানের নামে এই জায়গা থাকলেও কুচক্রী মহল তা দখলের চেষ্টা করছে। অবিলম্বে দখলদার মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
মহাশ্মশান কমিটির সভাপতি রবিন সেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, সাংবাদিক রেজাউন্নবী রাজু, জাভেদ হোসেন, বিপুল কুমার দাস, সুজন প্রসাদ, চঞ্চল সাহা, মানিক সরকার, বিমল সরকার, সুমন চক্রবর্ত্তী, রনজন সাহা, লালচান বিশ্বাস সুমন প্রমুখ।



