১০ টাকা দিনমজুরির কারিগর থেকে সফল ব্যবসায়ী
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: ২০০৩ সালে জীবনের তাগিদে দৈনিক মাত্র ১০ টাকা মজুরিতে অন্যের ফুলের দোকানে কারিগর হিসেবে কাজ শুরু করেছিলেন এক তরুণ। চরম দারিদ্র্য ও সংগ্রাম পেরিয়ে আজ তিনি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সফল মালিক। শুধু তা-ই নয়, বিশেষ দিবসে একদিনে সর্বোচ্চ ৮০ হাজার টাকার ফুল বিক্রির রেকর্ড গড়ে বাজিমাত করেছেন তিনি। অনুপ্রেরণাদায়ী এই উদ্যোগী তরুণের নাম নয়ন।
নয়ন জানান, দীর্ঘ ১১ বছর (২০০৩-২০১৪) অন্যের দোকানে কারিগর হিসেবে হাড়ভাঙা খাটুনি খেটেছেন। শুরুতে দৈনিক ১০ টাকা, পরবর্তীতে মাসে ১,০০০ টাকা বেতনে কাজ করেন,। ২০০৯ সালে অভিমান করে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি শুরু করলেও পরিবেশ ভালো না লাগায় কিছুদিন পর গ্রামে ফিরে আসেন। অবশেষে ২০১৪ সালে বড় মেয়ের জন্মের শুভদিনে মাত্র ২০ হাজার টাকা মূলধন নিয়ে নিজের ফুল ও ডেকোরেশনের দোকান শুরু করেন,।
ব্যবসার শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিআইপি অর্ডারের কাজ পান নয়ন। সেই কাজ রাত জেগে নিজ হাতে প্রস্তুত করে প্রশংসিত হন। তার ব্যবসার সেরা দিনটি ছিল এক ২১শে ফেব্রুয়ারি। সেদিন ক্রেতাদের ভিড়ে টানা ফুল বিক্রি করে একদিনেই সর্বমোট ৮০ হাজার টাকা ক্যাশ করেন, যা রাখার জায়গা পকেটেও পাচ্ছিলেন না,। এছাড়া পদ্মা সেতু উদ্বোধনের দিন কেবল বেলুন ডেকোরেশনের কাজ করে ৭০ হাজার টাকা লাভ করেন তিনি।
ফুলের ব্যবসার অর্জিত আয় দিয়ে তিনি ইতোমধ্যে ৬ শতক জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন, ডেকোরেশনসামগ্রী ও ভিডিও ক্যামেরা কেনাসহ গড়ে তুলেছেন নিজস্ব পুঁজি,।
তবে বর্তমান বাজার নিয়ে কিছুটা হতাশ নয়ন। তিনি জানান, বর্তমানে যশোর, রংপুর ও স্থানীয় পলাশবাড়ী থেকে ফুল আনতে হয়। তবে উৎসব কেন্দ্রিক পাইকার ও চাষিরা অতিরিক্ত দাম রাখায় খুচরা বিক্রেতারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন,। তাই এই পেশাকে ভালোবেসে টিকিয়ে রাখতে ফুলের পাশাপাশি ডেকোরেশন ব্যবসাও যুক্ত করেছেন তিনি,।
