পলিথিনের বিকল্প পাটের বস্তা

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় দেশজুড়ে পাটের বস্তার চাহিদা এখন আকাশচুম্বী। এই চাহিদাকে পুঁজি করে গাইবান্ধার বিসিক শিল্প নগরীতে গড়ে ওঠা ‘ওহিজুট ফাইবারস’ স্থানীয়দের জন্য তৈরি করেছে কর্মসংস্থানের দারুণ সুযোগ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পাটের পণ্য উৎপাদনকারী এই কারখানাটি এখন স্বাবলম্বী হওয়ার প্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

কারখানাটিতে বর্তমানে ২২০ জনেরও বেশি কর্মী কাজ করছেন, যার মধ্যে সিংহভাগই নারী। স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। এখানে চাল, ধান ও আলুর বস্তাসহ বিভিন্ন সরকারি প্রয়োজনে ব্যবহৃত পাটের ব্যাগ তৈরি করা হয়। কারখানার ব্যবস্থাপক জানান, বর্তমানে দৈনিক ২০০০ থেকে ৩০০০ বস্তা তৈরি হচ্ছে এবং সব কাজই স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সরকারি টেন্ডারের মাধ্যমে উৎপাদিত পণ্য সরবরাহ করা হলেও, অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। বিসিক শিল্প নগরীর নিরাপত্তা ও রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে জায়গা বাড়ানো গেলে এখানে আরও কয়েকশ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও অর্থনৈতিক স্বাধীনতার এই মডেলটি গাইবান্ধার বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।