দেশীয় মাছে সমৃদ্ধ নদীগুলো আজ খাঁ খাঁ করছে

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: “আমাদের বাপ-দাদা যা খেয়েছে, আমাদের ছেলে-মেয়েরা তা চোখেও দেখেনি”—গ্রামীণ প্রবীণ জেলেদের এই আফসোস কেবল একজন ব্যক্তির নয়, বরং নদীমাতৃক বাংলাদেশের হারিয়ে যাওয়া প্রাকৃতিক জীববৈচিত্র্যের এক করুণ আর্তনাদ। একসময় যে নদীগুলোতে ২২-২৩ কেজির কাতল, বিশাল আকৃতির বাউস, কালবাউস, পুগি, উরুয়া, বউ মাছ কিংবা সুস্বাদু দেশীয় মাছের মেলা বসত, আজ নাব্যতা সংকট ও অতিরিক্ত মৎস্য আহরণে সেই নদীগুলোর সোনালী ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, অতীতে গাইবান্ধা ও আশপাশের অঞ্চলের নদীগুলোর গভীরতা ও স্রোত ছিল প্রবল। নদীর বুকেই সন সন শব্দে বয়ে চলা প্রমত্তা ধারায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু দেশীয় মাছের অপরূপ প্রাচুর্য ছিল। জেলেরা বড় বড় নৌকা নিয়ে নদীতে নামতেন এবং বোরোল, আইর, বোয়াল, গুইজাসহ নানা জাতের মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তবে সময়ের বিবর্তনে নদীর নাব্যতা হ্রাস, অপরিকল্পিত পরিবর্তন এবং জলপ্রবাহের সংকটের কারণে নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি মৎস্য আহরণের নিয়মনীতি ও ব্যবস্থাপনাগত পরিবর্তনের ফলে পেশাদার মৎস্যজীবীদের পাশাপাশি নদীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় মাছের অবাধ প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলশ্রুতিতে, বাজারে চাষের মাছের আধিক্য দেখা দিলেও নদীর মুক্ত ও সুস্বাদু দেশীয় মাছগুলো আজ বিলুপ্তির মুখে। নতুন প্রজন্মের অনেকেই এখন আর ওই সব মাছের নাম বা স্বাদ সম্পর্কে ওয়াকিবহাল নয়।

প্রাকৃতিক নদী ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষা করতে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, নতুবা আমাদের নদীগুলোর প্রাণপ্রবাহ চিরতরে হারিয়ে যাবে।