পোষা প্রাণীর খাবার থেকে ভ্যাকসিন সব এক ছাদের নিচে
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: পোষা প্রাণীর প্রতি ভালোবাসা, দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ঝুঁকি নেওয়ার সাহসিকতাকে কাজে লাগিয়ে গাইবান্ধায় এক ব্যতিক্রমী পেট শপ গড়ে তুলে শহরের মানুষের নজর কেড়েছেন এক তরুণ উদ্যোক্তা। পোষা বিড়াল ও অন্যান্য প্রাণীর নিত্যপ্রয়োজনীয় খাবার, লিটার বক্স, ক্যারিব্যাগ, খেলনা ও এক্সেসরিজ থেকে শুরু করে র্যাবিস ও ফ্লু-এর মতো জরুরি ভ্যাকসিন—সবকিছুই এক ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে পাওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে প্রতিষ্ঠানটি।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে প্রাণিসম্পদ অফিসে একটি লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্পে প্রায় চার বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই তরুণের। সে সময় ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে বিড়াল, কুকুরসহ বিভিন্ন পশুপাখির যত্ন ও সেবা প্রদানের কাছ থেকে কাজ করার সুযোগ পান তিনি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর অন্যের অধীনে চাকরির বদলে নিজের সৃজনশীলতা ও স্বাধীনভাবে কাজ করার তাগিদে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন। গাইবান্ধার বাজারে পোষা প্রাণীর পণ্য ও ভ্যাকসিন পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে দাম চড়া হওয়ায় বিষয়টি নিয়ে প্রায় দুই থেকে তিন মাস গবেষণা করেন তিনি। এরপর শিক্ষক ও অভিজ্ঞ স্যারদের পরামর্শে প্রায় ২ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে শুরু করেন এই পেট শপ। শুরুর দিকে বিড়ালের খাবার বা ভ্যাকসিনের দোকান দেওয়ার কথা শুনে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি বা নেতিবাচক মন্তব্য করেছিলেন। কিন্তু সেই কথায় কান না দিয়ে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করায় মাত্র প্রথম মাসেই ৮০ থেকে ৯০ হাজার টাকার পণ্য বিক্রি করে তাক লাগিয়ে দেন তিনি। নিজের প্রতিষ্ঠানে কাজ করার ফলে যেমন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে, তেমনি ক্রেতাদের কাছেও এক আস্থার ঠিকানা হয়ে উঠছেন তিনি। ভবিষ্যতে কোনো ধরনের প্রতারণা ছাড়া সততা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে এই প্রতিষ্ঠানকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা।
পেশাগত অভিজ্ঞতা, সাহসী পদক্ষেপ ও সেবার মানসিকতার সমন্বয়ে গাইবান্ধায় এই পেট শপ উদ্যোগ নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে উঠেছে।