ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে গাইবান্ধায় সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে গাইবান্ধায় সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
নিজস্ব প্রতিবেদক :
বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে গাইবান্ধায় সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে গাইবান্ধা কর্পোরেট শাখার মিলনায়তনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি'র জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মুহাম্মদ মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) একেএম মাহবুবউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফজলে এলাহী।
বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেন সম্ভব। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনীতিকে আরও আধুনিক ও স্মার্ট করতে ক্যাশলেস লেনদেনের প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ক্যাম্পেইনে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা, ব্যবহার পদ্ধতি এবং এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংকের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়।


