খাদ্যে রঙ ব্যবহার, গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
বেকারী খাদ্য পণ্যে অনুমতিবিহীন রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন করায় গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার যৌথ ভাবে গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে অভিযান পরিচালনা করেন। এসময় তারা সুপার টেস্টি বেকারিতে অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার করতে দেখেন। তিনি বলেন, এসব রঙ ও ফ্লেভার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সুপার টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার অপরাধে আকি মুড়ি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।



