পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধূ ববিতা বেগম হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা বাজারে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
পলাশবাড়ী প্রতিবেদক :

এ সময় বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন, ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুই পাশে প্রায় ১ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ববিতা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে তার স্বামী, দেবর, ননদ ও বোন জামাইসহ কয়েকজন এসে তাকে বাবার বাড়ি থেকে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, স্বামীর বাড়িতে নেওয়ার পর সেদিন রাতেই তাকে পরিকল্পিতভাবে দলবদ্ধভাবে নৃশংস হত্যা করা হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত ববিতার মা আসমা বেগম, বোন কবিতা, ছেলে হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।