চাকরির পিছে না ছুটে পার্কিং টাইলস তৈরি করে সফল তরুণ উদ্যোক্তা

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: “চাকরি নয়, নিজে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করব”—এই দৃঢ় প্রত্যয় নিয়ে জীবনের পথচলা শুরু করেছিলেন গাইবান্ধার এক লড়াকু তরুণ। চড়া বেতনে চাকরির পেছনে না ছুটে দীর্ঘ ৫ বছর ঢাকায় টাইলস তৈরির কাজ শিখে নিজ জেলায় গড়ে তুলেছেন আধুনিক পার্কিং টাইলসের কারখানা। স্বল্প পুঁজি আর কঠোর পরিশ্রমে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আজ স্থানীয় অর্থনীতিতে এক অনন্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় মোটা অঙ্কের টাকা দিয়ে চাকরি নেওয়া সম্ভব ছিল না। এসএসজি পাশের পরেই তিনি বুঝতে পেরেছিলেন যে নিজে কিছু করতে না পারলে জীবনসংগ্রামে টিকে থাকা কঠিন। রাজমিস্ত্রির কাজ করার সুবাদে ঢাকার ‘হাইটেক ইঞ্জিনিয়ারিং’ নামক কারখানায় প্রায় পাঁচ বছর কাজ করে টাইলস তৈরির ওপর নিপুণ দক্ষতা অর্জন করেন তিনি। গাইবান্ধা অঞ্চলে মানসম্মত পার্কিং টাইলসের সংকট দূর করতে এবং বাইরে থেকে যাতে চড়া দামে টাইলস আনতে না হয়, সেই ভাবনা থেকেই নিজ এলাকায় কারখানা গড়ার স্বপ্ন দেখেন। শুরুর পুঁজি জোগাড় করতে শখের গাভী বিক্রি করে পান ৪ লক্ষ ৭০ হাজার টাকা, এর সাথে ব্যাংক লন ও পৈতৃক জমি বন্ধক রেখে প্রায় ১৪-১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি। বর্তমানে তার কারখানায় বাসাবাড়ির ছাদ, গাড়ি পার্কিং, ওয়াকিং ওয়ে ও গার্ডেনের জন্য এ, বি ও সি গ্রেডের আকর্ষণীয় টাইলস তৈরি হচ্ছে। গুণগত মান বজায় রাখতে উন্নত কেমিক্যাল ও সঠিক রেশিও ব্যবহারের কারণে এখানকার টাইলসের রঙ রোদে জ্বলে না এবং অত্যন্ত টেকসই হয়। বর্তমানে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৪০ হাজার টাকার টাইলস বিক্রি হচ্ছে এবং সাদুল্লাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এর ব্যাপক চাহিদা রয়েছে। কারখানায় বর্তমানে কয়েকজন স্থানীয় যুবকের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে এটিকে আরও বড় পরিসরে বাড়িয়ে ১৫-২০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করার সুদূরপ্রসারী স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা।

প্রতিকূলতা জয় করে আত্মনির্ভরশীল হয়ে ওঠার এমন উদ্যোগ গ্রামীণ যুবসমাজকে নতুন স্বপ্ন দেখাতে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে দারুণভাবে অনুপ্রাণিত করছে।