কাগজের কাটাকুটি থেকে মাসে হাজার টাকা আয়

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: কাগজ দিয়ে তৈরি ছোট ছোট শিল্পকর্ম বা 'পেপার ক্রাফটিং' যে উপার্জনের সুন্দর এক মাধ্যম হতে পারে, তা নিজ হাতে প্রমাণ করেছেন গাইবান্ধার তরুণী কাজী আফিসা আলিফ। পড়াশোনার পাশাপাশি শৈল্পিক অনুরাগকে কাজে লাগিয়ে নিজের তৈরি 'টাইনি ওয়ার্ল্ড' (Tiny World) প্ল্যাটফর্মের মাধ্যমে সফল হস্তশিল্প উদ্যোক্তা হয়ে উঠেছেন তিনি।

দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় থেকেই কাগজ কেটে নানারকম জিনিস তৈরির শখ ছিল আলিফের। কিন্তু ২০২১ সালে গাইবান্ধার একটি স্থানীয় ফেসবুক গ্রুপে নিজের বানানো প্রথম 'এক্সপ্লোশন বক্স' পোস্ট করার পর মাত্র ১৫০ টাকায় বিক্রি হয়ে যায়। এই প্রথম বিক্রির আনন্দই তাকে উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করে। পরবর্তীতে ২০২১ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে অনলাইন ভিত্তিক উদ্যোগ শুরু করেন তিনি। বর্তমানে পেপার ক্রাফটিংয়ের পাশাপাশি হ্যান্ডপেইন্টেড চুরি ও আধুনিক এমব্রয়ডারির চুরির মতো নতুন নতুন পণ্য যুক্ত করেছেন তার সংগ্রহে।

শুরুর চ্যালেঞ্জ সম্পর্কে আলিফ জানান, প্রথমে মফস্বল শহরে কাগজের তৈরি জিনিসের সঠিক মূল্য মানুষ বুঝতে চাইতো না। তবে কাজের মান, নান্দনিকতা ও প্রয়োজনীয় উপকরণ (যা দেশ-বিদেশ থেকে সংগ্রহ করতে হয়) বুঝিয়ে বলার পর ক্রেতারাও সাগ্রহে তা গ্রহণ করা শুরু করেন। ১,৫০০ থেকে ৩,০০০ টাকার মতো সামান্য মূলধন দিয়ে শুরু করা এই উদ্যোগ থেকে পড়াশোনার পাশাপাশি মাসে তার গড়ে ১,০০০ থেকে ২,০০০ টাকা আয় হচ্ছে।

উদ্যোগের পেছনে রয়েছে এক আবেগঘন স্মৃতি। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তার বাবা মারা যান। আলিফ বলেন, "আমার কাজের জন্য ছোট বয়সেই অনেক মানুষ আমাকে চিনছে, অথচ আমার বাবা এই সফলতাটা দেখে যেতে পারলেন না। তিনি থাকলে আমাকে আরও কত পরামর্শ দিতেন, সাপোর্ট করতেন—এটাই জীবনের সবচেয়ে বড় আফসোস।"

বাবার অবর্তমানে মায়ের অনুপ্রেরণা ও সহযোগিতায় সামনে এগিয়ে চলছেন আলিফ। তার ব্র্যান্ডের নাম 'টাইনি ওয়ার্ল্ড' হলেও এর পরিধি ও সুনাম দিন দিন আরও বড় হবে—এমটাই প্রত্যাশা তার