পোড়া রুটি আর মালাই চা এর ভাইরাল জাদুতে মুগ্ধ ক্রেতারা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: নতুন কিছু করার অদম্য জেদ আর হাতের জাদুকরী রান্নার গুণে কীভাবে একটি ছোট দোকান গ্রামীণ জনপদে আলোড়ন সৃষ্টি করতে পারে, তার এক চমৎকার উদাহরণ তৈরি করেছেন এক তরুণ উদ্যোক্তা। ইন্টারনেট ঘেঁটে তৈরি অভিনব স্বাদের ‘পোড়া রুটি ও মালাই চা’ থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যে সুস্বাদু ফাস্টফুড সরবরাহ করে তিনি এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে।
খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই রান্নার প্রতি বিশেষ ঝোঁক ছিল তার। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের রান্নার প্রশংসা তাকে সবসময় নিজস্ব কিছু করার স্বপ্ন দেখাতো। পরবর্তীতে স্ত্রী ও বড় ভাইয়ের উৎসাহ এবং সহযোগিতায় সীমিত পুঁজি নিয়ে স্থানীয় সাখাওয়াত হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ক্যান্টিন ও একটি ছোট পরিসরের দোকান দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তার দোকানে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘পোড়া রুটি ও মালাই চা’। এছাড়া সকালের নাস্তায় মাত্র ২০ টাকায় এক প্লেট খিচুড়ি (সাথে আলু ভর্তা, শসা ও সালাদ) এবং স্কুলের কোমলমতি শিশুদের জন্য মাত্র ১৫ টাকায় নুডুলস, পাস্তা বা ফ্রেঞ্চ ফ্রাই পার্সেল দেওয়ার সুব্যবস্থা রেখেছেন তিনি। মুনাফা অর্জনের চেয়ে কম দামে ভালো মানের খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কাউকেও খালি হাতে ফিরিয়ে না দেওয়া তার মূল নীতি। বর্তমানে স্কুল ক্যান্টিন ও দোকানের বিক্রি মিলিয়ে প্রতিদিন গড়ে দুই থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আয় হচ্ছে তার। ছোট পরিসরে শুরু করা এই ব্যবসা সফল হলে গাইবান্ধা শহরে আরও কয়েকটি শাখা বাড়ানোর পরিকল্পনা রয়েছে এই উদ্যোক্তার।
তরুণদের উদ্যোক্তাবিমুখ না হয়ে নিজস্ব মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে জীবিকা অর্জনের এমন উদ্যোগ সমাজ গঠনে ও গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।