ওষুধের দোকান বন্ধ রেখে গাইবান্ধায় ব্যবসায়ীদের ধর্মঘট
এদিকে ধর্মঘট চলাকালীন শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করেন ওষুধ ব্যবসায়ীরা। এতে শহরের বিভিন্ন স্তরের ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি- বিসিডিএস জেলা কমিটির নির্বাচনের দাবিতে গাইবান্ধা শহরে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। আজ রবিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট পালন করেন তারা।
এদিকে ধর্মঘট চলাকালীন শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করেন ওষুধ ব্যবসায়ীরা। এতে শহরের বিভিন্ন স্তরের ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিসিডিএস জেলা কমিটির কোনো নির্বাচন হচ্ছে না। বর্তমানে যে আহবায়ক কমিটি রয়েছে সেটিকে 'অবৈধ' আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান তারা। বলেন, সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসকের নিবিড় তদারকিতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের আল্টিমেটাম দেন তারা। অন্যথায় পুরো জেলার সব দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘটেরও হুঁশিয়ারি দেন ওষুধ ব্যবসায়ীরা।



