উঠলেই কলিজা কাঁপে রোগী ঘাড়ে করে হাসপাতাল নেওয়া লাগে!
দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: “সাঁকো পার হওয়ার সময় ভয়ে কলিজা কেঁপে ওঠে; একটু এদিক-ওদিক হলেই নিচে পড়ে হাত-পা ভাঙতে হয়। গুরুতর অসুস্থ কোনো রোগীকে হাসপাতালে নিতে হলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ভ্যানও আসে না—রোগীকে ঘাড়ে করে পার করে গাড়িতে তুলতে হয়।” গাইবান্ধা অঞ্চলের একটি গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দীর্ঘদিনের এই হৃদয়বিদারক আর্তনাদ ও চরম দুর্ভোগ আজ প্রকট আকার ধারণ করেছে। একটি স্থায়ী পাকা সেতুর অভাবে যুগের পর যুগ ধরে সীমাহীন কষ্ট সহ্য করে আসছে স্থানীয় এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, কালিরবাজার ও বালাশিসহ আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য এই খালের ওপর নির্ভরশীল। অতীতে এখানে কোনো সেতু না থাকায় এলাকাবাসী নৌকা এবং নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করে পারাপার করতেন। কিন্তু বর্ষা ও বন্যার সময়ে সাঁকো ভেসে যাওয়ায় বা ভেঙে পড়ায় বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন, যাদের অনেকেই আজ পঙ্গুত্ববরণ করেছেন। বিশেষ করে এলাকার কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বা প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়ার সময় গাড়ি না পৌঁছানোর কারণে চরম বিপাকে পড়তে হয়। অ্যাম্বুলেন্স বা যানবাহন গ্রামে প্রবেশ করতে না পারায় মুমূর্ষু রোগীকে স্বজনদের কাঁধে করে অনেকদূর বয়ে নিয়ে গিয়ে প্রধান সড়কে তুলতে হয়, যা অনেক সময় রোগীর জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। সম্প্রতি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং সাধারণ মানুষের সম্মিলিত আর্থিক সহযোগিতায় একটি নড়বড়ে কাঠের সাঁকো তৈরি করা হলেও ভারী যান চলাচল নিষেধ থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। এলাকাবাসী নিজেরাই পাহারা দিয়ে ভারী বাহন চলাচল থেকে বিরত রাখছেন, যাতে অন্তত পায়ে হেঁটে ও ছোটখাটো পারাপার অব্যাহত থাকে। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও স্থায়ী কোনো সমাধান না পাওয়ায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।
স্কুলগামী কোমলমতি শিশু থেকে শুরু করে কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবিলম্বে এই জনপদে একটি মজবুত ও পাকা সেতু নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।