সুন্দরগঞ্জে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩১ জন কৃতি শিক্ষার্থীকে আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।
সুন্দরগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩১ জন কৃতি শিক্ষার্থীকে আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।
শনিবার (১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ।
এতে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, দাড়িয়াপুর মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল মাজেদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন মিয়া, রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম এনামুল হক মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
গত ১২ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কোচিং ও স্কুলের বিশেষ ক্লাসে মোট ৩১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বিদ্যালয়টির ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
